সমন্বয়হীনতার আর সুষ্ঠু পরিকল্পনার অভাবে নগর দুর্যোগে উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে অযাচিত ভাবে নষ্ট হচ্ছে সময়। বাড়ছে প্রাণ ও সম্পদহানি। এ অবস্থায় সমন্বিত উদ্ধারকাজে গতি আনতে সহযোগী বাহিনীগুলোকে সঙ্গে নিয়ে নিয়মিত মহড়া দেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পরামর্শ দেয়া হয়েছে, ফায়ার সার্ভিসকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আনার। নগরায়নের প্রয়োজনে ক্রমেই বাড়ছে যন্ত্রের ব্যবহার, গড়ে তোলা হচ্ছে বড় বড় দালানকোঠা। জীবনকে সহজ আর আরামপ্রদ করাই প্রধান উদ্দেশ্য হলেও অনেক সময় এই নগরায়নই প্রাণনাশের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রকৃতি নয়, বরং মানুষের অসতর্কতা আর অপব্যবহারের ফলে প্রাণহানির এসব ঘটনাকে পরিবেশ বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘মানবসৃষ্ট দুর্যোগ’। সম্প্রতি ঘটে যাওয়া রাজধানীর শাহজাহানপুর রেল কলোনির পানির পাইপে শিশুপড়ার ঘটনাকে মানবসৃষ্ট দুর্যোগের কাতারে ফেলছেন বিশেষজ্ঞরা। ২৩ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পরও শিশু জিহাদকে উদ্ধার করতে না পারার জন্য সমন্বয়হীনতার আর পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন তারা। সিদ্ধান্তগ্রহণে ধীরগতির পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য, প্রশ্নবিদ্ধ করেছে উদ্ধারকারী বাহিনীর পেশাদারিত্বকে। তাজরীন গার্মেন্টস আর রানাপ্লাজা ধ্বসের পরও দেখা গেছে একই চিত্র। এর ফলে নষ্ট হয়েছে সময়, বেড়েছে প্রাণ ও সম্পদহানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘এমন ঘটনায় পৃথিবীব্যাপী স্বীকৃত যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়, সে অনুযায়ী কমান্ড-সিস্টেম আমাদের দেশে এখনও গড়ে ওঠেনি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের পরিচালক ড. মাহবুবা নাসরিন বলেন, ‘দুর্যোগকালে দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযানে নামতে হয়, তাই সব বাহিনীর মধ্যে সমন্বয়ের দরকার আছে। অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্তের অভাবেও উদ্ধারকাজে দেরি হয়।’ দুর্যোগকালীন সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সার্বিক উদ্ধার তৎপরতায় গতি আনতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোসহ বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। এ ব্যাপারে ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘সিভিল ডিফেন্সকে অবশ্যই দুর্যোগ-ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আনতে হবে। আর এ ব্যাপারে যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, তাদেরকেই সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব দিতে হবে।’ এদিকে, উদ্ধার কার্যক্রমে সমন্বয়হীনতার কথা স্বীকার করলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তাদের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিষেধাজ্ঞা থাকায় ইচ্ছা থাকলেও গণমাধ্যমের সামনে আসতে পারছেন না তারা। Post navigation রাজধানীর গুলশানে হোটেলে আগুন, আহত ২ ৫ জানুয়ারি ঢাকায় জনসভা করার দৃঢ় প্রত্যয় বিএনপি’র