ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর অপসারণের দাবি জানিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ। আগামী মঙ্গলবারের মধ্যে তাকে অপসারণ না করলে বুধবার থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
সন্ধ্যায় পাঠানো ওই বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর কটূক্তিমূলক বক্তব্য ধর্মপ্রিয় কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। মুসলিম নারীদের নিয়ে উপহাস করেছেন।
মহসিন আলীর বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে দাবি করে পরিষদের নেতারা বলেন, ‘আমরা বারবার বলেছি বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে তাদের রাতে ঘুম হয় না। এরা দেশ ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন।’
এদের চিহ্নিত করতে না পারলে সরকারকে এর খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ার করেন আলেমরা।