বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের খাবার যাওয়া বন্ধ করে দিল পুলিশ। পরপর দুই দফা খাবার প্রবেশ করানোর উদ্যেগ নিলেও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কোন খাবার কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি বলে জানা গেছে।
খাবার না পেয়ে সারারাত অভুক্ত ছিল কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বলে জানা গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রথম দফায় খাবার সরবরাহকারী পিকআপ ভ্যানটি কার্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
তখন চালকসহ ভ্যানটিকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। দ্বিতীয় দফায় রাত সাড়ে দশটার দিকে পুর্নরায় কিছু শুকনা খাবার কার্যালয়ের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তাতেও বাধা দেয় দায়িত্বরত পুলিশ।
বরাবরের মত খালেদা জিয়ার কার্যালয়ে রাতের খাবার ও পানি পৌঁছে দিতে আসে পিকআপ ভ্যানটি। ভ্যানে ১২০ প্যাকেট খাবার ও প্রয়োজনীয় পানির বোতল ছিল। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ খাবারবাহী ভ্যান ফেরত পাঠানোর বিষয়ে কথা বলতে রাজি হননি।