kamal-swadesh24নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন ও মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার চার্জশীট শীঘ্রই আদালতে দাখিল করা হবে। এছাড়া সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকেও ভারত থেকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে সোনাকান্দায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কোস্ট গার্ডের জন্য নবনির্মিত ২টি হারবার পেট্রল বোট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ত্বকী হত্যা মামলার চার্জশীট প্রদানের জন্য র‌্যাবকে নির্দেশ দেয়া হয়েছে। র‌্যাব শীঘ্রই চাঞ্চল্যকর এই মামলার চার্জশীট প্রদান করবে।

নূর হোসেনকে আদৌ দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার নূর হোসেনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে চাচ্ছে। এ নিয়ে দুই দেশের মধ্যে জোর প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ১৫ কোটি টাকা ব্যয়ে তাদের নির্মিত ২টি আধুনিক হারবার পেট্রল বোট আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড কর্তৃপক্ষ জানায়, এই বোট ২টি বিদেশ থেকে আমদানি করলে কমপক্ষে ৪৫ কোটি টাকা ব্যয় হতো। যার ফলে কোস্টগার্ডের ৩০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন সফলতার কখা উল্লেখ করে আধুনিক জাহাজ নির্মাণ ও বিদেশে রফতানি করে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মকবুল হোসেন ও ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এম খুরশিদ মালিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *