শনিবার ভারত–জিম্বাবুয়ে ম্যাচ শেষে স্টার স্পোর্টসে ভারত–বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা হয়। সেখানে ছিলেন সঞ্জয় মাঞ্জরেকার, সৌরভ গাঙ্গুলি এবং পমি এমবাংওয়া। এই সময় বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার তাসকিন আহম্মেদের ভুয়সী প্রশংসা করেছেন সৌরভ গাঙ্গুলি।
এ সময় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এই মুহূর্তে আমি মাহমুদউল্লাহকে সাকিবের পাশেই রাখব। কেননা টানা দুই ম্যাচে সেঞ্চুরি করল মাহমুদউল্লাহ। সাকিব অবশ্যই ওদের সবচেয়ে বড় তারকা। ব্যাটিং–বোলিং–ফিল্ডিং, সবই ভালো। কিন্তু বড় ম্যাচে সাকিবের ম্যাচ উইনিং ইনিংস তো আমি মনে করতে পারি না! বাংলাদেশ দলে এখন অনেক পারফরমার বলেই দলটা ভালো করছে। গত ৩–৪ বিশ্বকাপ ধরে ওদের দেখছি। এবারই সবচেয়ে ভালো করলো ‘
একাদশতম বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগাররা। আর সৌরভ মনে করছেন বাংলাদেশ এখন অনেক বেশি উন্নতি করছে, ‘ইংল্যন্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল…এই কন্ডিশনে..বলতেই হবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে ‘
এ সময় তিনি পেসার তাসকিন আহম্মেদের প্রশংসা করেছেন, ‘মাহমুদউল্লাহ পারবে বলে মনে হয় আমার। কোয়ালিটি ব্যাটসম্যান। হাতে অনেক সময় ওর শট খেলার, উইকটের চারপাশে খেলতে পারে। তাসকিনও হাইলি রেট করি। আমার ধারণা বিশ্বকাপের বেশির ভাগ দলেই অনায়াসে ঢুকে যাবে তাসকিন।’