খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর করার বিষয়ে বিদেশিদের কোন ধরনের চাপ নেই। আইনী প্রক্রিয়া শেষ করে যথাসময়েই কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, জাতিসংঘ সব সময় ফাঁসিসহ সব ধরনের মৃত্যুদন্ডের বিরোধিতা করে। এবারও জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ড স্থগিত চেয়ে তারা তাদের ধারাবাহিকতা রক্ষা করেছে মাত্র।

তিনি বলেন, একটি চিহ্নিত মহল ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নুরেমবার্গ ট্রাইব্যুনালের চেয়ে স্বচ্ছ। পৃথিবীর কোন ট্রাইব্যুনালে আপিল ও রিভিউ পিটিশনের সুযোগ দেয় না। আমাদের এখানে সেটা দেয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাসদ নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *