imagesরাজধানীর হাতিরঝিলে ধানমণ্ডি আইডিয়াল কলেজের এক ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার নাম রিফাত হোসেন। তিনি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের নিচে পানি থেকে গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে     ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, লিটন নামে এক বাহক রাত সাড়ে ৮টার দিকে রিফাতকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় রিফাতের গলার ডান পাশে কাটা ছিল। লিটন জানান, তিনি রিফাতকে গলা কাটা অবস্থায় হাতিরঝিল ২ নম্বর ব্রিজের নিচ থেকে উদ্ধার করেন। প্রথমে তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। রিফাতকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। তার পকেটে কলেজের পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাহক লিটনকে আটক করা হয়েছে।
লিটন জানান, তিনি বন্ধুদের নিয়ে হাতিরঝিলে বেড়াতে গিয়ে রিফাতকে গলা কাটা অবস্থায় ব্রিজের নিচে পানিতে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে রাত সাড়ে ১১টায় রিফাতের বাবা আবুল হোসেন তাহের ও বড়ভাই হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন। তারা জানান, দুপুরে রিফাত বকশিবাজারে তার বোনের বাসায় আসেন। পরে বিকেলে বোনের বাসা থেকে বের হন। তারপর রিফাত কিভাবে হাতিরঝিলে গেলেন এবং কে বা কারা তাকে কেন খুন করলো তা তারা জানাতে পারেননি। রিফাত ২ ভাই ও ১ বোনের মধ্যে ছোট ছিলেন। রিফাতের পরিবারের সদস্যরা পূর্ব রায়েরবাজারের ১৫০/৯/২ নম্বর বাড়িতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *