যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার পদত্যাগকারী প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন ফিফার অভিযুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদেরকে ব্ল্যাটারের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহে সহায়তা করবে।

পঞ্চম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় বুধবার পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার।

তিনি বলেন তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য শিগগিরি ফিফার একটি বিশেষ অধিবেশন ডাকা হবে।

যুক্তরাষ্ট্রের কৌশলীরা গত সপ্তাহে ফিফা প্রশাসনে দুর্নীতির ফৌজদারি তদন্ত শুরু করেন।

সুইজারল্যান্ডের জুরিখ থেকে আটক করা হয় সংস্থাটির বেশ গুরুত্বপূর্ণ সাতজন কর্মকর্তাকে।

ওই ঘটনার দুদিন পরই ব্ল্যাটার প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হন।

যদিও তাঁর বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের কর্তাব্যক্তিরা।

১৯৯৮ সাল থেকে ফিফাকে নেতৃত্ব দিচ্ছে সেপ ব্ল্যাটার।

ওদিকে সুইস কর্তৃপক্ষও ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণের বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *