30095_154

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর একটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট। এক আবেদন শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে মির্জা ফখরুলকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত। মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। এর আগেও তার একটি মাইনর অ্যাটাক হয়েছে। একারণে তার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেফতার করা হয় ফখরুলকে। গত ৮ জানুয়ারি তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। গ্রেফতারের পর তাকে দুইবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে এনে চিকিৎসা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *