চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাথার ভেতর পানির পরিমাণ বৃদ্ধিই হাইড্রোক্যাফেলাস। মাতৃগর্ভে কিংবা ভূমিষ্টের পর যেকোনো অবস্থাতেই শিশুরা এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত এসব শিশুর মাথার গঠনটি হয় স্বাভাবিকের চেয়ে অনেক বড়। গত ৬ মাস ধরে বেওয়ারিশ এমনই একটি শিশুকে লালনপালন করছে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, যেহেতু শিশুটি অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক নয় তাই ৬ মাসেও কোন নিঃসন্তান দম্পতি তাকে গ্রহণে আগ্রহী হননি। অন্যদিকে সুস্থ বেওয়ারিশ শিশুকে লালনপালন করতে সরকারি-বেসরকারি এমনকি ব্যক্তি উদ্যোগেও অনেক আগ্রহী মানুষ দেখা যায়। হাসাপাতালের পরিচালক এ বিষয়ে বলেন, ‘মানবিক দিকটি বিবেচনা করে সরকারি বা বেসরকারিভাবে এসব শিশুদের জন্য আবাসস্থল বা পরিচর্যাকেন্দ্র গড়ে তোলা উচিত।’ প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঢাকা মেডিকেলে ৬ মাস আগে হাইড্রোক্যাফেলাস আক্রান্ত ওই শিশুকে তার জন্মদাতা ফেলে রেখে পালিয়েছে। গত ছ’মাস ধরে কয়েকবার এনআইসিইউ ঘুরে শেষমেশ তার ঠাঁই হয়েছে ২০৪ নাম্বার ওয়ার্ডে।