abu-ghraib_03-14-06ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের হাতে বন্দী নির্যাতনের ছবি প্রকাশের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের জেলা জজ আলভিন হেলারস্টেইন গত শুক্রবার দেশটির সরকারকে ওই ছবিগুলো জনসম্মুখে প্রকাশ করার নির্দেশ দেন। এক দশকেরও বেশি সময় ধরে মামলা চলার পর এ ডিক্রি জারি করা হল।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) দায়ের করা এক মামলায় এ রায় দেয় আদালত।
দেশটির প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র তৃতীয় মাইলস ক্যাগিনস জানান, আদালতের রায়টি পর্যালোচনার পর প্রতিরক্ষা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
২০০৪ ও ২০০৬ সালে ইরাকের আবু-গারিব কারাগারে বন্দী নির্যাতনের বেশ কয়েকটি ছবি প্রকাশ পেলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে। সে সময় মার্কিন সেনাদের হাতে মুসলিম বন্দীদের অমানুষিক নির্যাতনের নিন্দা করেন অনেকেই।

যুক্তরাষ্ট্র সরকার বলেছে, তাদের কাছে ইরাক ও আফগানিস্তানের অন্তত ৭টি কারাগারে বন্দীদের নির্যাতনের ২৯টি ছবি আছে।
এদিকে আদালতের এ সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন না করার কথা বলেছেন মার্কিন সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা। তাদের মতে এখন ছবিগুলো প্রকাশ করা হলে তা আইএসের (ইসলামিক স্টেট) সমর্থকদের আরও উদ্বুগ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *