50124_porimoni১৯৯১ সালের ২রা অক্টোবর মুক্তি পেয়েছিল এহতেশাম পরিচালিত নতুন জুটি শাবনাজ-নাঈম অভিনীত চলচ্চিত্র ‘চাঁদনী’। প্রথম চলচ্চিত্রেই এই জুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। একই নামে সম্প্রতি আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দেন পরিচালক শামীমুল ইসলাম শামিম। আর এবারের ‘চাঁদনী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। তবে ‘চাঁদনী’ ছবির অভিনেতা নাঈম নামটি নিয়ে আপত্তি করার কারণে এ ছবির নামে একটু পরিবর্তন আনতে হচ্ছে বলে গতকাল মানবজমিনকে জানালেন পরিচালক। শামীমুল ইসলাম বলেন, এ ছবির লোকেশন দেখার জন্য আমি ২৭শে জানুয়ারি ভুটান যাচ্ছি। ফেব্রুয়ারি থেকে এ ছবির শুটিং শুরু হবে। আর চাঁদনী চরিত্রেই অভিনয় করবেন পরীমনি। সবকিছু ঠিক থাকলেও অভিনেতা নাঈম ভাই এ ছবির নামটা নিয়ে একটু আপত্তি জানিয়েছেন। তবে নিয়ম অনুযায়ী একটি ছবির একদশক পার হলে নতুন ছবিরও একই নাম ব্যবহার করা যায়। আমরা তার প্রতি সম্মান রেখে নামটির পরিবর্তন করব। তবে ছবির নামে ‘চাঁদনী’ নামটি থাকবে। আর এ নামের আগে বা পরে কিছু যুক্ত হবে। তবে সেটা কি হবে এখনো চূড়ান্ত করিনি। এদিকে পরীমনিকে এ ছবিতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করতে দেখবেন দর্শক। সহজ-সরল পাহাড়ি মেয়ে চাঁদনীর অভাবের সংসার। ছোট্ট সংসার চলে পাহাড়ে লাকড়ি কুড়িয়ে। আর সেই পাহাড়ি মেয়ে হবেন পরীমনি। এ ছবিতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন পরী। তিনি বলেন, পাহাড় খুব ভালো লাগে আমার। এ ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। আমার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে। আশা করি, এ কাজটি ভিন্ন আঙ্গিকের হবে। উল্লেখ্য, পরীমনি অভিনীত সম্প্রতি ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। আর চাঁদপুর থেকে দু’দিন আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির কাজ করে এসেছেন পরী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুখ ইয়াশ রোহান। এছাড়া পরী অভিনীত শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ নামে দুটি ছবি খুব শিগগিরই মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *