70968_i3সিরিয়ায় বিমান হামলা স্থগিত করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সিরিয়ান বিমান ভূপাতিত করার পর এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলোর বিরুদ্ধে রাশিয়ার হুমকির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানায়, সিরিয়ায় ইউফ্রেটিস নদীর পশ্চিমে জোট বাহিনীর কোন বিমান উড়লে তা সম্ভাব্য টার্গেট হিসেবে দেখবে দেশটি। সেগুলো ট্র্যাক করবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক বিমান দিয়ে। এমন হুঁশিয়ারির পর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) সিরিয়ায় অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।’
রয়টার্সের খবরে আরো বলা হয়, রোববার যুক্তরাষ্ট্র সিরিয়ান সামরিক বিমান ভূপাতিত করার পর রাশিয়া এটা স্পষ্ট করেছে যে দেশটি তাদের সামরিক অবস্থান পাল্টাচ্ছে। সিরিয়া বলছে, ২০১১ সালে শুরু হওয়া সংঘাতের পর এবারই প্রথম মার্কিন বাহিনী কোনো সিরিয়ান বিমান ভূপাতিত করলো।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘এডিএফ সদস্যরা সিরিয়ার আকাশসীমার পরিস্থিতি নিবিড়ভবে পর্যবেক্ষণ করছে এবং এডিএফ এর বিমান অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *