আহসান্ হারুন এলিন, স্বদেশ নিউজ২৪.কম: ফরিদপুরের ভাঙ্গায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুই প্রধান শিক্ষক হলে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ও সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত।

গতকাল মঙ্গলবার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ কাজী ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সচিব ও সহকারী সচিব পদ থেকে ওই দুই প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে ভাঙ্গার মালিগ্রাম আ. রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিনকে কেন্দ্র সচিব ও ভাঙ্গার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের উজ্জামানকে সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ওই দুই কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিবদের অধীনে আজ বুধবার ভাঙ্গায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক পরীক্ষা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ কাজী ফয়সাল গতকাল জানান, কেন্দ্র সচিব ও সহকারী সচিবের মধ্যে সমন্বয়হীনতার কারণে পরীক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। আসন বণ্টনের ক্ষেত্রে সচিব ও সহকারী সচিব উভয়েই অনিয়ম করেছিলেন। দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দিয়ে নতুন দুই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।
ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, কোন অভিযোগে আমাদের সরিয়ে দেওয়া হলো? তিনি (ইউএনও) একক সিদ্ধান্ত নিয়েছেন। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সচিব থেকে আমাকে সরিয়ে কমিটির সদস্য নন—এমন ব্যক্তিকে সচিব বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *