ওসমান দেম্বেলে, রাশিয়া বিশ্বকাপে খেলেছেন মোট চারটি ম্যাচ। যদিও ফাইনালে ফ্রান্সের জার্সি গায়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নামা হয়নি এই ফরাসী ফরোয়ার্ডের। তবে দল ঠিকই পেয়েছে শিরোপার স্বাদ। বিশ্বকাপজয়ী দলের তারকার তকমা জুটেছে এই মুসলিম ফুটবলারের গায়েও।

বিশ্বকাপ শেষে অবশ্য তার পারফরম্যান্স নয়, বরং ভিন্ন এক কারণ নিয়েই চলছে দেম্বেলে বন্দনা। আর তা হলো, বিশ্বকাপে নিজের সব ম্যাচ ফির পাশাপাশি শিরোপা জেতায় পাওয়া সব অর্থই তিনি দান করে দিচ্ছেন মসজিদ নির্মাণে। ফরাসি সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে।

বিশ্বকাপ চলাকালীন এই দেম্বেলের ফরাসি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের সকল অর্থ দাতব্য সংস্থায় দান করে দেবেন। সেই পথেই হাঁটলেন দেম্বেলে। বিশ্বকাপ থেকে প্রাপ্ত সব অর্থ মায়ের গ্রামের বাড়ি মৌরিতানিয়ার দিয়াগুলি অঞ্চলে মসজিদ নির্মাণে দান করবেন তিনি।

উত্তর ফ্রান্সের ভারননে জন্ম নিলেও দেম্বেলের পূর্বপুরুষরা ছিলেন আফ্রিকান। তার বাবা মালির এবং মা মৌরিতানিয়া ও সেনেগালের। দেম্বেলে হচ্ছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের ২৩ সদ্যেসের অন্যতম ১৫ জনের একজন, যিনি আফ্রিকান আদি।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল আফ্রিকার উত্তরের দেশ মৌরিতানিয়া। ৪৪ লাখ জনসংখ্যার দেশটি পুরোপুরি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবেই পরিচিত। এই দেশটির আয়তন ১০ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *