একাদশ সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ২০শে ডিসেম্বর ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর আকস্মিক মৃত্যুতে এ আসনে গত ৩০ তারিখে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩২টি। ভোটগ্রহণে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা কর্মরত আছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।
নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, এই আসনে ২ হাজার ৫শ পুলিশ সদস্য, বিজিপি ২০ প্লাটুন, র্যাব ২০ প্লাটুন ও ১৫শ ৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন ।।