ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছমা (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে শীলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আছমা উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গৃহবধূ আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে শীলা রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শীলা রেল ব্রিজ অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আছমা গুরুতর আহত হয়ে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *