কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা

নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামি র‌্যাবের সদস্য বেলাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ করাগারের ভেতরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাত খুনের ঘটনায় গত ২৬ আগস্ট বেলালকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদিকে গ্রেপ্তার হওয়া র‌্যাবের আরেক সদস্য পূর্ণেন্দু বালাকে আট দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁকে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হয়। সাত খুনের ঘটনায় করা দুটি মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, পূর্ণেন্দু বালা র‌্যাব-১১-এ উপপরিদর্শকের (এসআই) দায়িত্বে ছিলেন। পরে তাঁকে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়। গত ২ মে তিনি ১০ দিনের ছুটিতে যান। এরপর বাহিনীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
নারায়ণগঞ্জে র‌্যাব-১১ সূত্র জানায়, গত শুক্রবার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে পূর্ণেন্দু বালাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পূর্ণেন্দু বালাসহ এ পর্যন্ত র‌্যাব-১১-এর ১০ জন সদস্যকে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিন শীর্ষস্থানীয় কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানাসহ নয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর অপহরণ ও খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন নয়জন। তাঁদের মধ্যে র‌্যাবের ছয় সদস্য আছেন।
এদিকে আত্মহত্যার চেষ্টা করা র‌্যাবের সদস্য বেলাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
নারায়ণগঞ্জ কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, কারাগারের ভেতরে বেলাল আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বেলাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসে নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ। তাঁর গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে বেলালকে আশঙ্কাজনক অবস্থায় নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়।
ইএনটি বিভাগের চিকিৎসক আসিফ গতকাল জানান, বেলালের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালি ও পেট কেটে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এর এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় পৃথক হত্যা মামলা করেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি