রাজধানীর কুড়িলে শনিবার রাতে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেলের ডেপুটি এডিটর অপূর্ব আলাউদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তিন ভরি সোনার গহনা, ২০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে যায়। এ ব্যাপারে ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।
অপূর্ব আলাউদ্দিন জানান, তিনি কুড়িল চৌরাস্তার মেম্বারবাড়ির গিয়াস উদ্দিনের বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে থাকেন। বাসা ছয়তলায় হওয়ায় বেলকনির ঘরের দরজা খুলেই ঘুমান। শনিবার মধ্যরাতের কোন এক সময় চোরেরা ছাদ থেকে ছয়তলার বারান্দায় নেমে বাসায় ঢুকে মোবাইল ফোন, সোনার গহনাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় তারা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।
ভাটারা থানার অপারেশন অফিসার মোহাম্মদ হালিম বলেন, অভিযোগ পাওয়ার পর এসআই মাসুমের নেতৃত্বে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।