আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ কনস্টেবল চয়ন কুমার রায় মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে তিনি মারা যান। গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ বিকেল ৩টার দিকে সাঘাটা উপজেলার বরমতাইড় এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি। পুলিশ সদস্য চয়ন কুমার (কং নং-১৪৬৭) উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের আশ্বিনী কুমার রায়ের পুত্র। তিনি বগুড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনতোষ রায় জানান, চয়ন কুমার রায় ক’দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। সখের বসে দুপুরে নৌকা নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় মাছ ধরা জালটি তার হাতের সঙ্গে বাঁধা ছিল।
