আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমজাদ হোসেনের (৩৫) দু’পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আমজাদ হোসেন উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের চয়ন উদ্দিনের পুত্র ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, এ হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি কিংবা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন সুজা জানান, পলাশবাড়ী থেকে ব্যক্তিগত কাজ সেরে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন আমজাদ হোসেন। পথে ঠুটিয়াপাকুর-ইদিলপুর সড়কে ফারুকের ছ’মিলের সামনে ১০/১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্তরা আমজাদের ওপর হামলা চালায়। এসময় তারা আমজাদের বুক ও পিঠ কুপিয়ে জখমসহ দুই পা ভেঙ্গে দিয়ে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *