১৯৭১ সালে প্রত্যাহার করে নেয়ার পর যুক্তরাজ্য আবার মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে। ১ কোটি ৫০ লাখ পাউন্ড ব্যয়ে উপসাগরীয় দেশ বাহরাইনে ঘাঁটিটি তৈরি করা হবে। বাহরাইনী পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ এই বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে গতকাল শনিবার নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মতো বাহরাইনও জঙ্গি সংগঠন আইএসের উত্থানে শংকিত। সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ দখল করে নেয়া আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায়ও অংশ নিয়েছে বাহরাইন। এবার নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্য বাহরাইনে নতুন এই সামরিক ঘাঁটি বসাতে যাচ্ছে।
এ প্রসঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের যৌথ অঙ্গীকার বজায় থাকবে। আঞ্চলিক নিরাপত্তার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য ও অন্য অংশীদারদের সঙ্গে বাহরাইন কাজ করে যাবে।
বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক মানামা বৈঠকের অঙ্গীকার অনুযায়ী, মিনা সালমান বন্দরে যুক্তরাজ্য একটি জায়গা পাবে এবং ব্রিটিশ নৌবাহিনী সেখানে চারটি যুদ্ধজাহাজ স্থাপনের সুযোগ পাবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেন, এই নতুন ঘাঁটি ‘ব্রিটিশ রয়্যাল নেভির পদচিহ্নের একটি সম্প্রসারণ’ এবং উপসাগর ও যুক্তরাজ্যে ‘স্থিতিশীলতা শক্তিশালী’ করবে।
Post by আশিকুর রহমান স্বদেশনিউজ২৪.কম
