৩০ মার্চ থেকে ফুঁসে ওঠা দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর চলমান হামলা-লুটপাট বন্ধে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার জোহান্সবার্গ থেকেই ৩শ’ ৭ জনকে গ্রেফতার করা হয়।

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, অভিবাসী বিরোধী এ সহিংসতায় যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এ সহিংসতায় শুধুমাত্র কাওয়াজুলু-নাটাল প্রদেশ থেকেই এক হাজারের বেশি অভিবাসী ঘরছাড়া হয়েছেন বলে জানা গেছে। এর পরপরই জোহান্সবার্গসহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ে এ সহিংসতা।

চলমান এ সহিংসতায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। এদের মধ্যে শনিবারই দুইজন নিহত হয় বলে জানা গেছে।

এর আগে শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের রাজধানী ডারবানে এক অস্থায়ী উন্সাস্তু শিবির পরিদর্শন শেষে টেলিভিশন বক্তৃতায় যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের অঙ্গীকার ব্যক্ত করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

এ সময় তিনি বলেন, যারা এই সহিংসতার জন্ম দিয়েছে, তারা দক্ষিণ আফ্রিকার জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে। যে কোনো মূল্যে আমরা এই সহিংসতা বন্ধ করব।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার ২৪ শতাংশ। সেখানকার স্থানীয়দের অনেকেই নিজেদের বেকারত্বের কারণ হিসেবে অভিবাসীদেরকে দায়ী বলে মনে করেন। এরই প্রেক্ষিতে তাদের একটা পক্ষ দেশ থেকে বিদেশিদের বিতাড়নে সহিংস হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *