চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে বাংলা বিভাগ চালু করা হচ্ছে। এজন্য সহযোগীতা চেয়ে চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির উপ-পরিচালক অধ্যাপক ড. মা লিন-এর নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য ছিলেন-চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ইয়াং ওয়েই মিং।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চালুসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে বাংলা বিভাগ চালু করা হবে। এক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। ভিসি চীনের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ চালুর ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য পোষণ করেন।

বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করায় চীনা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক। এই উদ্যোগের ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *