নির্বাচনী প্রতিক্রিয়াসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। আজ থেকে এখানে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথম দিনে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক পরিচালক উগো অ্যাস্তেতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে। এটি হবে ইইউ-বাংলাদেশ জয়েন্ট কমিটির মিটিং। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডিতে বৈঠকটি হবে। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে প্রতিনিধিদলের সদস্যদের। সেগুনবাগিচার ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য মিলেছে। সূত্র মতে, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানসহ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও শক্তিশালীকরণের বিষয়টি বাংলাদেশ ও ইইউ আলোচনায় শুরুত্ব পাবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।
