110607_Indiaআফগানিস্তানের জালালাবাদ শহরে কূটনৈতিক জোনের কাছে বিস্ফোরণ হয়েছে। এই এলাকায় অবস্থিত ভারত, পাকিস্তান ও ইরানের কনসুলেট। আজ সকালে এ বিস্ফোরণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ভারতীয় কনসুলেট থেকে ২০০ মিটার দূরে এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আফগানিস্তানের কমপক্ষে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে এ হামলায় কোন বিদেশী হতাহতে খবর পাওয়া যায় নি। গত ১০ দিনের মধ্যে আফগানিস্তানে ভারতীয় মিশনের কাছে এটা নিয়ে তৃতীয় হামলা হলো। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, গত ৮ই জানুয়ারি হেরাতে ভারতীয় কনসুলেটের কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পাওয়া যায়। এ ঘটনায় আটক করা হয় একজনকে। ধারণা করা হয়, ভারতীয় মিশনে আরেকটি হামলার জন্য ওই বিস্ফোরক সেখানে নেয়া হয়েছিল। এর আগে ৩রা জানুয়ারি মাজার-ই শরীফে বারতীয় কনসুলেটে প্রবেশ করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীদের ৪ঠা জানুয়ারি হত্যা করার পর এ ঘটনার ইতি হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন ৯ জন। আফগানিস্তানের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, মাজার-ই শরীফে ভারতীয় কনসুলেটে হামলায় জড়িত পাকিস্তানের সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। বলখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল সাদাত বলেন, আমি নিজের চোখে দেখেছি। আমি বলতে পারি শতকরা ৯৯ ভাগ হামলাকারী পাকিস্তানি সেনাবাহিনীর। তারা হামলার সময় পাকিস্তানি কৌশল ব্যবহার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *