Daudkandi-mapসিডর ও আইলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর বেড়িবাঁধগুলো। সম্প্রতি আবার আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করলেও তা টেকসই হয়নি। জোয়ারের পানি বেড়ে বারবার ভেঙে যাচ্ছে সেটা। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার হাজার হাজার মানুষ।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৮টি গ্রামে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চলতি মৌসুমে বৃষ্টি ও জোয়ারে আগুনমোখা নদীর পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবনে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বারবার প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত এ এলাকার মানুষ।

তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে বেড়িবাঁধ মেরামত করলেও, কাজের মান এত খারাপ যে বারবার তা ভেঙে যাচ্ছে। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ায় নষ্ট হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যক্ষ এ কে এম আব্দুল আহাদ বিশ্বাস জানালেন, পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও কৌশল আধুনিকায়ন করা না হলে, জনদুর্ভোগ কমবে না।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের জানান, শুকনো মৌসুম এলে স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হবে। জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *