bpl_bg_433367300এবারের বিপিএলে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। তবে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন দুই খেলার মাঝে স্টেডিয়ামেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে প্রতি ম্যাচের পর জমকালো আতশবাজির-ও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের জন্য নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিবছরই বেশ কিছু চমক নিয়ে হাজির হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হবে দেশি-বিদেশি তারকাদের চার-ছক্কার লড়াই। ৪র্থ আসর শুরু হতে বাকি নেই বেশিদিন। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চললেও, ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল কর্তৃপক্ষের প্রস্তুতি চলছে।

তবে মাঠের খেলার আগে প্রতিবারই উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে চমক দিয়ে এসেছে বিপিএল কর্তৃপক্ষ। দেশি-বিদেশি তারকারাও মঞ্চ মাতিয়েছেন প্রতিবারই। তবে এবার ব্যতিক্রমভাবে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগের তিন আসর জমকালো আয়োজনে শুরু হলেও এবার থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। সরাসরি ৪ নভেম্বর শুরু হবে মাঠের লড়াই।

প্রতিবারের মত এবারও বেশ কিছু দেশের বিখ্যাত ক্রিকেটাররা অংশ নিচ্ছেন বিপিএলে। তাই ঘুরে ফিরে আসে নিরাপত্তা ইস্যু। বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য জানালেন, নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দেবে না কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেও নিরাপত্তা নিয়ে দেয়া হয়েছে নির্দিষ্ট দিক নির্দেশনা।

প্রতিবারই বিপিএলের টিকিটের মূল্য নিয়ে অভিযোগ থাকে দর্শকদের। তবে এবার টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। আর বিপিএলের প্রথম দুই আসরে প্রাইজমানি ৫ কোটি টাকা থাকলেও, গেলো আসরে তা কমে হয় ২ কোটি। এবারও অংকটা বাড়ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন গভর্নিং কাউন্সিলের এই সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *