football_and_goal-578-80-compressedলম্বা বিরতির পর মঙ্গলবার থেকে আবারো শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। প্রথম পর্বের ব্যর্থতা গোছাতে নিজেদেরকে ঢেলে সাজাচ্ছে ক্লাবগুলো। দ্বিতীয় পর্বে পরিবর্তন এসেছে দল গুলোতে। এরই মধ্যে শেষ হয়েছে মধ্যবর্তী দল বদল। নতুন নতুন ফুটবলার ভিড়িয়েছেন নিজেদের শক্তি বৃদ্ধিতে। তবে অনেক ক্লাবই অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে দ্বিতীয় পর্বে।
 
এ মৌসুমে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। কারা নেতৃত্ব দেবে পয়েন্ট টেবিল। সেই হিসেব নিকাশের সময় কমে আসছে ধীরে ধীরে। আর একটি পর্ব, এর পরই নির্ধারিত হয়ে যাবে মৌসুম সেরা কে।
 
রোমাঞ্চ আর চমকে পরিপূর্ণ ছিলো প্রথম পর্ব। বিগ বাজেট, ঐতিহ্য ও জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্লাবগুলোকে ছাপিয়ে টেবিলের নেতৃত্ব ছিলো নতুন এক ক্লাব। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে আসা রহমতগঞ্জ দীর্ঘ সময় দাপিয়ে বেড়িয়েছে পয়েন্ট টেবিল। তবে প্রথম পর্বের শেষ পর্যন্ত সেই স্থান ধরে রাখতে পারেনি নবাগত দলটি, চলে যায় তৃতীয় স্থানে। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী।
 
দ্বিতীয় স্থানে আরেক জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী। বিগ বাজেটের আরেক দল শেখ জামাল আছে চারে, মুক্তিযোদ্ধা পাঁচে। তবে আশ্চর্যের বিষয় হলো লিগ টেবিলের তলানিতে আছে দুই শক্তিশালী দল মোহামেডান ও শেখ রাসেল।
 
দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পূর্বে হয়ে গেছে মধ্যবর্তী দল বদল। এরই মধ্যে নিজেদের দ্বিতীয় পর্বে নেতৃত্ব ধরে রাখতে চট্টগ্রাম আবাহনী দলে ভিড়িয়েছে বিদেশী ফুটবলার। সেই ধারায় ঢাকা আবাহনীও দলে ভিড়িয়েছে দেশী ও বিদেশী ফুটবলার। টেবিলের তলানিতে থাকা শেখ রাসেল নিয়েছে তিন বিদেশী আর মোহামেডান নিয়েছে এক লোকাল ফুটবলার। কম বাজেটের দল বারিধারা, ফেনী সকার, ব্রাদার্স ক্লাবও দলে নিয়েছে বিদেশী ফুটবলার।
 
তবে দলে কোন পরিবর্তন আনেনি চমক দেখানো রহমতগঞ্জ। চারে থাকা শেখ জামালও নেয়নি কোন নতুন ফুটবলার। তবে, আরামবাগ, বিজেএমসি, মুক্তিযোদ্ধা শিবিরেও দেখা যাবেনা কোন নতুন মুখ।
 
দেশী বিদেশী ফুটবলারদের নৈপুণ্যে কে হয়ে উঠবে এ আসরের চ্যাম্পিয়ন! তা জানতে নজর রাখতে হবে লিগের শেষ অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *