নিউজ ডেস্ক : চিত্রনায়িকা শাবানার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে। এখানে শাবানা ও তার স্বামী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ওয়াহিদ সাদিক মসজিদ ও মক্তব নির্মাণ করেছেন। গতকাল মঙ্গলবার মসজিদ ও মক্তব উদ্বোধন করেন তারা।

ওয়াহিদ সাদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে তিনি যশোর–৬ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রাথমিক প্রচারণার কাজ শুরু করেছেন তিনি।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এ সময় শাবানা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি ওয়াহিদ সাদিকের জন্য সবার কাছ থেকে সমর্থন চেয়েছেন। নৌকায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তখন উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এবং মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম, সাবেক এমপি আব্দুল হালিম প্রমুখ।

দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে আছেন শাবানা ও ওয়াহিদ সাদিক। তিনি এখন স্থায়ীভাবে আছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। তবে প্রায় প্রতি বছর তিনি দেশে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *