হামিম রাফি , নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জের ধরে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার চাতলাপুর চা বাগানের বাউরীটিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম স্মরণ বাউরি (৪৫)। তিনি চাতলাপুর চা বাগানেরই শ্রমিক। এ ঘট্নায় আটক শশধন বাউরি (২৮) স্মরণের ভগ্নিপতি। শশধনও একই বাগানের শ্রমিক।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) বিনয়ভূষণ রায় এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরেই স্মরণ ও তাঁর স্ত্রী লতিকা বাউরির (৩৮) মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল রাতে শশধন তাঁর ভগ্নিপতি স্মরণ বাউরিকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান স্মরণ।

ঘটনার পর চা শ্রমিকরা শশধন বাউরিকে আটক করে কুলাউড়া থানায় খবর দেন। তখন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ ও পরিদর্শক বিনয়ভূষণ রায় চা বাগানে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার আড়াইশ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *