হামিম রাফি , নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে জঙ্গিবাদকে যেভাবে মোকাবিলা করে জঙ্গি সমস্যার সমাধান করেছে, ঠিক সেভাবেই রোহিঙ্গা সংকটও মোকাবিলা করে তা সমাধান করবে। দেশের একটি দল ছাড়া বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করছে।

আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ফেরাতেই আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিল। এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে পাহাড়িদের নেতা জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমার সাথে বৈঠকে বসা হবে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শামসুল হক চৌধুরী এমপি, একরামুল চৌধুরী এমপিসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *