রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রোববার হাইকোর্টে এ রিটটি করেন। এই রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেনুর পরিবারকে ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করাতে তথ্য নিতে যান তাসলিমা বেগম। এ সময় ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে বিবাদী করা হয়েছে। নিহত রেনুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন তাসলিমা বেগমের ভাগ্নে। পরে এ হত্যাকাণ্ডের মূল হোতা হৃদয়, এক নারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। Post navigation বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা: আরও ৩ আসামি কারাগারে ১৪ কোম্পানির দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ আদালতের