ভারতের ঝাড়খণ্ডে মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা

করোনাভাইরাসের প্রকোপ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরকার। মানুষকে সতর্ক করতে কড়া শাস্তির বিধান দিয়েছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার। মাস্ক না পরলে ১ লাখ রুপি জরিমানা ও লকডাউন না মানলে ২ বছরের কারাবাস হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর এই সময়ের।

করোনা নিয়ন্ত্রণে ‘সংক্রামক রোগ অধ্যাদেশ ২০২০’ পাস করেছে ঝাড়খণ্ড সরকার। এই অধ্যাদেশের বলে এবার থেকে লকডাউনের বেশ কিছু নতুন নিয়ম চালু হবে। ঝাড়খণ্ডেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে দিনদিন বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। তাই যেকোনো উপায়ে করোনা রুখতে এবার কড়া পদক্ষেপ নেয়া হয়েছে।
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানিয়েছেন, এখনও অধ্যাদেশ পুরোপুরি বলবৎ‌ শুরু হয়নি। কাউকে জরিমানা করা হলে, তার ওপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবেই তাকে এক লাখ রুপি জরিমানা দিতে হবে।
তিনি বলেন, স্পট চেকিংয়ের সময় মাস্ক না পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাকে এক লাখ রুপি জরিমানা করা হবে না। আমাদের সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। বন্না গুপ্তা আরও বলেন, লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হলে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে এ পর্যন্ত ৬ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৩ হাজার ৩৯৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৪ জন। আর এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *