পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া গাড়ি চালক রিমান্ড শেষে কারাগারে

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক নাঈমকে (২৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন।
আজ মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক আলী আসামি নাঈমকে দুদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ আগস্ট নাঈমকে দুদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ রিমান্ড শেষ হলে আসামি নাঈমকে আদালতে হাজির করা হয়।
গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার ইব্রাহিমপুর থেকে কালো রঙের মাইক্রোবাসসহ চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ আগস্ট সকালে সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের মাঝের রাস্তাঢ গাড়ির চাপায় নিহত হন রত্না। চন্দ্রিমা উদ্যানে প্রবেশের সেতুর কাছে পৌঁছানোর পরই একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর রত্নাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *