image_84715.mymensingh-sm20140103215800স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিন্ডার গার্টেনের এক শিক্ষার্থীকে (৯) ঝাপটে ধরে বখাটে। শ্লীলতাহানির চেষ্টার সময় এলাকাবাসী বখাটেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর এলাকায়। ধস্তাধস্তি ও ভয়ে আতঙ্কগ্রস্ত ছাত্রীটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজীবপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের ভাই-বন্ধু কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ভাটিরচর নওপাড়া গ্রামের স্কুলছাত্রী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় পাশের মাইজহাটি সুতিভরাট গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (৩২) তাকে ঝাপটে ধরে শ্লীতাহানির চেষ্টা চালিয়ে মাটিতে ফেলে দেয়। পরে এলাকাবাসী বখাটেকে আটক ও ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ছাত্রীটিকে উদ্ধার করা গ্রামপুলিশ দেবল চন্দ্র সিং,আবু আলী,আজগর ও সুমন মিয়া জানান, মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে আগত অন্য লোকজন দৌড়ে উদ্যত বখাটে রায়হানকে ধরে গণপিটুনি দিয়ে চেয়ারম্যানের কাছে দেয়। চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।
রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম চাঁন মিয়া জানান, রায়হান প্রেমে ব্যর্থ হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে প্রায়ই পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীটি বাড়ি ফেরার পথে রায়হান তাকে বিবস্ত্র করার চেষ্টাও করছিল। অল্পের জন্য সে বেঁচে যায়। এ ব্যাপারে  তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে।
পুলিশের হাতে আটক রায়হান মিয়া বলেন, ‘আমার মাথায় কী যেন উঠেছিল। কিছু না বুঝেই এ কাজটি করেছি।’ এ ঘটনায় অনুতপ্ত হয়ে শেষবারের মতো সে ক্ষমা চায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি এস আলম জানান, এলাকাবাসী উত্তম-মধ্য দিয়ে বখাটে রায়হানকে থানায় হস্তান্তর করেছেন। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *