ইন্টার্ন চিকিৎসকের হাতে নার্স লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাসেবায় অচলাবস্থা বিরাজ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। ভর্তি থাকা রোগীরা চলে যাচ্ছেন আর নতুন করে সেবা নিতে আসা রোগীদের ফেরত পাঠানো হচ্ছে। গতকাল থেকে কর্মবিরতি পালন করা নার্সরা বিচারের আশ্বাস পেয়ে আজ রোববার দুপুরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছেন। তবে আজ দুপুর থেকে নতুন করে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। হাসপাতালের সেবক আবদুল মান্নান অভিযোগ করেন, গতকাল গাইনি ওয়ার্ডে রফিকুল ইসলাম নামের এক ইন্টার্ন চিকিৎসক বকুল রানী বিশ্বাস নামের জ্যেষ্ঠ নার্সকে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার বিচারের দাবিতে গতকাল দুপুর থেকে নার্সরা কর্মবিরতি পালন শুরু করেন। নার্সদের অভিযোগ, অস্ত্রোপচার টেবিলে রোগী থাকা সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসক রফিকুল তাঁর আত্মীয়কে সেবা দেওয়ার জন্য নার্স বকুলকে নির্দেশ দেন। এতে আপত্তি জানালে ওই ইন্টার্ন চিকিৎসক প্রথমে নার্সকে গালমন্দ করেন, পরে মারধর করেন। ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ইফতেখার আমিনের দাবি, নার্সদের অভিযোগ পুরোপুরি ঠিক নয়। ওই চিকিৎসককে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার পরও ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল কাজ করেছেন। তবে আজ নার্সরা হাসপাতালের ভান্ডারে তালা মেরে দেওয়ায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ইন্টার্ন চিকিৎসকেরা আজ দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। চিকিৎসকেরা অভিযোগ করেন, নার্স বকুল চিকিৎসকের কথা না শুনে উল্টো তাঁকে নাজেহাল করার চেষ্টা করছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন প্রথম আলোকে জানান, নার্সদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ওই ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে এক অধ্যাপককে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। নার্সরা বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন। Post navigation ধানমণ্ডিতে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা