বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগেও বিভিন্ন সময়ে নানাভাবে হাসির রোল তুলেছেন। তবে গত শনিবার ওয়াশিংটনে এক নৈশভোজে ওবামা অংশ নিয়ে নিজেকে, নিজের কিছু বন্ধু ও শত্রুভাবাপন্ন মানুষকে নিয়ে যেভাবে টিপ্পনী কেটে হাসির রোল তুললেন, তার তুলনা হয়তো হাসির রাজা গোপাল ভাঁড়ের সঙ্গেই হয়। খবর এএফপির। সাংবাদিকদের আয়োজিত ওই অনুষ্ঠানে নিজের বিষয়ে বর্তমানে ৫৩ বছর বয়সী ওবামা বলেন, ‘আমিও পঞ্চাশের কোঠায় যাব, বছর কয়েক আগেও আমি তা কল্পনাও করতে পারতাম না। প্রেসিডেন্ট হিসেবে আমার জনপ্রিয়তার প্রসঙ্গ এলে এখনো তা পারি না।’ প্রেসিডেন্ট আমেরিকাকে ভালোবাসেন না এবং তিনি এমনকি যুক্তরাষ্ট্রে জন্ম নেননি বলে সম্প্রতি নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিউলিয়ানিসহ যাঁরা সমালোচনা করেন, তাঁদেরও এক হাত নেন ওবামা। বলেন, ‘আমেরিকাকে ভালো না বাসলে কেনিয়া থেকে এখানে আসতামই না।’ নৈশভোজটির আয়োজক ছিল সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন গ্রিডিরন ক্লাব। অনুষ্ঠানে তাদের নিয়েও মশকরা করতে ছাড়েননি ওবামা। তিনি বলেন, আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের বয়স্ক ভোটারদের দিকে বেশি মনোযোগ দিতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। সে কারণেই ১৩০ বছরের পুরোনো এই ক্লাবে তিনি এসেছেন। নিজের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও ঠাট্টা করতে ছাড়েননি ওবামা। পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের শপথ অনুষ্ঠানে তাঁর স্ত্রীর দুই কাঁধে চাপ দিয়ে সমালোচনার মুখে পড়েন জো বাইডেন। ওই প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘জো আমার কাঁধেও চাপ দিয়েছেন।’ Post navigation সাদ্দামের সমাধিসৌধ ধ্বংস গুপ্তধনের সন্ধান মিলল চিনে