নির্বাচনী প্রচারে নামার প্রথম দিন থেকেই বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

রোববার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর পল্টনে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের দিন অনিয়ম বা দুর্নীতি না হলে আমরা জয়ী হবো। নীরব বিপ্লব হয়ে যাবে’ বলেও মন্তব্য করেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, প্রশাসন এবং প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রচারে বাধা দিয়েছে, দিচ্ছে। প্রচারে প্রথম দিন থেকেই বাধা পেয়েছি। কর্মীদের ভয় দেখাচ্ছে। এ কারণে মির্জা আব্বাস প্রচারে নামতে পারেননি। সরকার তাকে জামিন দেয়নি।

ভোট চাওয়া মির্জা আব্বাসের অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই অধিকার সরকার দেয়নি। এছাড়া আমাদের বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়া প্রচারে নেমেছিলেন তাকে বাধা দেওয়া হয়েছে। নামতে না করা হয়েছে। সেই সঙ্গে পোস্টার-ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে বলে জয় পাওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন আফরোজা আব্বাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *