একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পুনর্গঠিত আপিল বেঞ্চে আপিল শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানা।

শুনানিতে মীর কাসেম আলীর পক্ষে শুনানি করছেন আইনজীবী এসএম শাহজাহান। আদালতে উপস্থিত আছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই বছরের ৩০ নভেম্বর রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ এক হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন মীর কাসেম।

মুক্তিযুদ্ধকালে জামায়াতের কিলিং স্কোয়ার্ড আলবদর বাহিনীর নেতা ও ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক মীর কাসেম আলীর বিরুদ্ধে আটজনকে নির্যাতনের পর হত্যা, মরদেহ গুম ও ২৪ জনকে অপহরণের পর চট্টগ্রামের বিভিন্ন নির্যাতনকেন্দ্রে আটকে রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী ১৪টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়।

১১ ও ১২ নম্বর অভিযোগে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ মোট আটজনকে হত্যার দায়ে কাসেমের মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের দিনগুলোতে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার হিসেবে মীর কাসেম চট্টগ্রাম অঞ্চলে সরাসরি মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন। একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সপ্তম মামলা এটি, যার ওপর সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *