28772_Englandবহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইংলিশরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে মাশরাফিদের মুখোমুখি হবে ইংলিশরা।

ইংল্যান্ড দলের জন্য প্রতিশ্রুত সব রকম নিরাপত্তা ব্যবস্থাই নিয়েছে বাংলাদেশ। ঢাকায় অতিথি ক্রিকেট দলটির ঠিকানা হোটেল র‌্যাডিসন, চট্টগ্রামেও তা-ই। মাঠ, হোটেল এবং মাঠ-হোটেল যাওয়া-আসার পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ সরকারের তরফ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলে সফরে আসতে রাজি হয় ইংলিশরা। তারপরও বাংলাদেশ সফরে আসা নিয়ে মতামত নেয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের নিয়মিত ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান বাংলাদেশে সফরে আসছেন না নিরাপত্তার কারণ দেখিয়েই। এদিকে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

ইসিবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যান্ডারসনের চোটে টেস্ট দলে ফিরেছেন জেইক বল, উডের জায়গায় ওয়ানডে দলে এসেছেন আরেক পেসার স্টিভেন ফিন।

৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর।

টেস্ট সিরিজের আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। ২০ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৮ অক্টোবর মিরপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *