ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলা  সাকিবের জন্য আর একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে মেহেদী মিরাজের। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে আজ সন্ধ্যায় রওনা দিচ্ছেন ১৯ বছর বয়সী অলরাউন্ডার। মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে আছেন হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইনের মতো তারকারা।

প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মিরাজ। তবে তিনি এই টুর্নামেন্টকে শেখার মঞ্চ হিসেবেই দেখছেন, ‘আমাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকবেন। তাঁদের সঙ্গে মানিয়ে নেওয়া, অভিজ্ঞতা ভাগাভাগি করাটা কাজে দেবে। আমলা বর্তমানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের একজন। ব্যাটিংয়ে তাঁর কাছে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। পরামর্শ নেব। বোলার নারাইন আছেন। তাঁর কাছে থেকেও শেখার আছে অনেক। সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে, যেটা পরে কাজে দেবে।’

সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ—মানিয়ে নিতে সমস্যা হবে না? গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা মিরাজ অবশ্য আত্মবিশ্বাসী, ‘ভালো প্রস্তুতি নিতে পারব আশা করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর কথা ২৭ আগস্ট। মাঝে ১২ দিনের মতো সময় আছে। কয়েক দিন অনুশীলন করলেই মানিয়ে নিতে পারব। টেস্ট সিরিজের আগে একটা অনুশীলন ম্যাচ আছে। এই ম্যাচটা আমাকে বেশ সহায়তা করবে।’

হইচই ফেলে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মিরাজের। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি। প্রায় এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার পর্যালোচনা করতে গিয়ে মিরাজের উপলব্ধি, জাদুকরি বোলিংয়ের পুনরাবৃত্তি সব সময়ই হবে না, ‘ওই রকম মিরাকল সব সময়ই হয় না। জীবনে এক-দুইবার হয়। আমারও হয়েছে। জাতীয় দলে এসেই ১৯ উইকেট পেয়েছি। কিন্তু সব সময় এমন সাফল্য পাওয়া যাবে না। হয়তো সিরিজে ৮-১০ বা আরও বেশি উইকেট পাব। কিন্তু জাদুকরি ঘটনা কমই হবে। আমার লক্ষ্য থাকবে দলের প্রয়োজনে সেরাটা দেওয়ার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *