নিউজ ডেস্ক: সমর্থকদের মধ্যে যা-ই হোক, মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—এ কথা বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই। কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে গিয়ে বলা মাশরাফির এই মন্তব্যই যেন প্রতিফলিত হলো সাব্বির রহমানের ফেসবুক পেজে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর যে কেবল বন্ধুত্ব নয়, শ্রদ্ধার সম্পর্কও আছে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে সেটিই জানিয়ে দিলেন তিনি।
ভারতের সফলতম অধিনায়ককে ‘কিংবদন্তি’ই বলছেন সাব্বির। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছবিটির শিরোনাম দিয়েছেন ঠিক এইভাবে, ‘উইথ ওয়ার্ল্ড লিজেন্ড এমএস-৭’, সঙ্গে উচ্ছ্বসিত হওয়ার কিছু ইমো।
ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন, জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন দেশকে—এমন ক্রিকেটারকে ‘কিংবদন্তি’ বলে তাঁর প্রতি সম্মাননা জানিয়েছেন সাব্বির।
ফেসবুকে ধোনির সঙ্গে সাব্বিরের এই ছবিতে এখন পর্যন্ত নিজেদের অনুভূতি জানিয়েছেন ৭৬ হাজার ভক্ত-সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *