হামিম রাফি, নিউজ ডেস্কঃ বেশিক্ষণ কাজ করলে, অসুস্থ থাকলে, মাইগ্রেন বা সাইনুসাইটিসের কারণে মাথাব্যথা হতে পারে। কিন্তু অনেক সময়ে দেখা যায়, তেমন কোন কারণ ছাড়াই মাথাব্যথা করছে আর তাও সকালে ঘুম থেকে ওঠার পর পরই। মাথাব্যথা নিয়ে ঘুম থেকে উঠলে সারা দিনটাই খারাপ যায়। এর পেছনে থাকতে পারে এমন কিছু কারণ যা একেবারেই চোখ এড়িয়ে যাচ্ছে আপনার। পুরনো বালিশ থেকে শুরু করে উচ্চ রক্তচাপের মত সমস্যা থাকতে পারে এর পেছনে।
১) ঘুমের সমস্যা
বিভিন্ন কারণেই ঘুম কম হতে পারে। কিন্তু কারণ যেটাই হোক না কেন, তার ফল হতে পারে মাথাব্যথা। ঠিকমত ঘুম না হওয়া বা কম ঘুম হওয়াটা মাথাব্যথার অন্যতম একটি কারণ। শুধু তাই নয়, ঘুমের সময়ের আরামদায়ক অবস্থানে না শুতে পারলে সেটাও মাথাব্যথা তৈরি করতে পারে। বিশেষ করে মাথা এবগ্ন ঘাড় সঠিক অবস্থানে না থাকাটা এক্ষেত্রে বেশি দায়ী। সঠিক বালিশ ব্যবহার এক্ষেত্রে মাথাব্যথা কমাতে সাহায্য করে।
২) বড় কোন দুশ্চিন্তা
শরীরের বিভিন্ন রকমের ব্যথার একটি কারণ হতে পারে দুশ্চিন্তা। চোয়ালের ব্যথা থেকে মাথাব্যথার পেছনে তা দায়ী হতে পারে। হ্যাঁ, দুশ্চিন্তা মানসিক হতে পারে, কিন্তু তার প্রভাবটা শারীরিক। ঘুম থেকে উঠেই যদি মাথাব্যথা লক্ষ্য করেন তাহলে ব্রিদিং এক্সারসাইজ অথবা মেডিটেশন করতে পারেন ঘুমানোর আগে বা ঘুম থেকে ওঠার পর। এই কাজগুলো স্ট্রেস কম রাখবে।
৩) রক্তচাপের দিকে লক্ষ্য করুন
উচ্চ রক্তচাপের কারণে সবসময় মাথাব্যথা হবে সেটা ধরে নেওয়া যায় না। আবার অনেকে জানেনও না যে তাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে।। খুব বেশি রক্তচাপ থাকলে সেটার কারণে মাথাব্যথা হতে দেখা যায়। এমনকি এর সাথে সাথে দৃষ্টিশক্তি ঝাপসা হতেও দেখা যায়। এই সমস্যাটি দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
৪) বিষণ্ণতাকে অবহেলা করলে
ক্লাস্টার হেডএক (চোখের পেছনে যে মাথাব্যথা দেখা যায়), মাইগ্রেন এমনকি সাধারণ টেনশন হেডএক দেখা দিতে পারে ঘুম থেকে ওঠার পর পরই। ডিপ্রেশন থেকে এটা হতে পারে। এসব মাথাব্যথা কমাতে ডাক্তারের পরামর্শ মত বিষণ্ণতা কমানোর চিকিৎসা নেওয়া দরকার। ধূমপান ত্যাগ, স্ট্রেস কম রাখা এসব পরিবর্তন আনলেও মাথাব্যথা কমে যেতে পারে।
৫) দাঁত কিড়মিড় করা
ঘুমের মাঝে চোয়াল শক্ত করে রাখা, দাঁত কিড়মিড় করা এসব কাজ থেকে মাথাব্যথা হতে পারে। কারণ এভাবে চোয়ালের পেশীগুলোতে স্ট্রেস তৈরি হয়। দাঁতের ক্ষতি হবার পাশাপাশি এই কাজটি আপনার মাথাব্যথার পেছনেও থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *