হামিম রাফি , নিউজ ডেস্কঃ জেগে, খেতে, ঘুমাতে এমনকি স্বপ্নেও ক্রিকেট! মোরশেদ হায়দারের জীবনটাই ক্রিকেটময়। চাকরি করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বয়সও ৪২ ছাড়িয়েছে। তবু চলে এসেছেন নতুন ধারাভাষ্যকার হওয়ার কঠিন চ্যালেঞ্জে অংশ নিতে। ‘ক্রিকেটের নতুন আওয়াজ’-এই স্লোগান সামনে রেখে শুরু হয়েছে ধারাভাষ্যকার খোঁজার আয়োজন। রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এর উদ্যোগে হওয়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ১৮ বছরের বেশি বয়সের তরুণ-তরুণীরা। কিন্তু নিজের যোগ্যতা দিয়ে বয়সের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে সুযোগ করে নিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস নাইনের ছাত্রী তাহসিনা জান্নাত। ‘ফ্রেশ প্রেজেন্টস স্বাধীন কমেন্টেটর হান্ট ২০১৭ পাওয়ার্ড বাই জিটিভি’ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে আবেদন জমা পড়েছিল কয়েক হাজার। সেখান থেকে নানা পরীক্ষার পর ৩৫ জন নির্বাচিত করে শুরু হয়েছে তিন দিনের প্রশিক্ষণ পর্ব। আজ এর শেষ দিন। বিচারকদের রায়ে নির্বাচিত ১০ প্রতিযোগী রেডিও স্বাধীনে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাবেন এবারের বিপিএলের ম্যাচে। এরপর বিচারক ও সাধারণ মানুষের ভোট মিলিয়ে নির্বাচিত হবেন সেরা তিনজন। প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ্ শরাফাত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করা মোরশেদ হায়দার মুখিয়ে সেরা তিনে জায়গা পেতে। এ জন্য তাঁর ভরসা নিজের ভরাট কণ্ঠ আর ক্রিকেটপ্রেম, ‘আমার দিনই কাটে ক্রিকেটের মাঝে। চাকরি করি জীবিকার তাগিদে। ভাষ্যকার হতে পারলে ধন্য ভাবব নিজেকে। ‘ ক্লাস নাইনের ছাত্রী তাহসিনা জান্নাত ক্রিকেট খেলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দলে। জান্নাতের চেয়ে আরো একটু বড় মঞ্চে ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে অঞ্জলীর। ২০০৮ সালে বিকেএসপিতে প্রথমবার ভর্তি করা হয় নারী ক্রিকেটার। অঞ্জলী সেই সুযোগটা ছাড়েননি। বিকেএসপি থেকে পাস করার পর নিয়মিত খেলছেন প্রিমিয়ার লিগে। এবার তাঁর চ্যালেঞ্জ ধারাভাষ্যকার হওয়ার। ৩৫ জনের মধ্যে ছয়-সাতজন নারী থাকায় খুশি বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। গ্রুমিং ক্যাম্পে এসে তিনি জানালেন, ‘আমাদের সময়ে মেয়েদের ক্রিকেট থাকলে অভিনেত্রী না হয়ে ক্রিকেটার হতাম। ভালো লাগছে এই ক্যাম্পে এতগুলো মেয়ে দেখে। ক্রিকেটে যেমন গ্ল্যামার এসেছে, তেমনি ধারাভাষ্য আকর্ষণীয় করতে বাংলা ভাষার বিশাল একটা শব্দভাণ্ডার লাগবে। বাংলার ফাঁকে ফাঁকে ভুল ইংরেজিতে ধারাভাষ্য দেওয়ার কোনো মানে নেই। ‘ সুবর্ণা মুস্তাফার কথা মন দিয়ে শুনে লালমনিরহাট থেকে আসা তৌকির আজিজ জানালেন, ‘স্থানীয় ক্রিকেট ম্যাচগুলোতে ধারাভাষ্য দিয়ে সাহস করেছি এখানে আবেদন করার। ‘ খুলনার পাইকগাছার রাহাত কিংবা কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আসা সৈয়দ সাকিবও ধারাভাষ্য দেন স্থানীয় ক্রিকেট ম্যাচে। এমন আনকোরাদের সঙ্গে সেরা ৩৫-এ রয়েছেন চ্যানেল আইয়ে কাজ করা অমৃত, জাগো এফএম’এর রিমন কিংবা বৈশাখী টিভির সংবাদপাঠক তানভীর। শেষ পর্যন্ত সেরা দশ আর সেরা তিনে কারা জায়গা করে নেন সেটাই দেখার। Post navigation পিএসজিতে নেইমারের প্রথম হোঁচট এবার দিবালার দিকে চোখ দিল রিয়াল মাদ্রিদ