আজ শুক্রবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ।

অন্যদিকে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে যাত্রা শুরু করা শ্রীলংকার লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে জিতে সিরিজে টিকে থাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ লড়াই শুরু হবে দুপুর ১২টায়।

প্রথম ম্যাচে জয়ের কারণে ফুরফুরা মেজাজেই রয়েছে বাংলাদেশ। তাই দলের কাছ থেকে ভালো পারফরমেন্স চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আত্মবিশ্বাস ধরে রেখে জয় ভিন্ন কিছুই ভাবছে না মাশরাফির দল। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম শিরোপা মিশন শুরু করে টাইগাররা।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দু’দলকেই বেশ গুরুত্ব দিয়ে পিচ পর্যবেক্ষণ করতে দেখা গেছে। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটাও শেষ। এবার মাঠের লড়াই দেখার পালা।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এতে চিন্তিত নন শ্রীলংকার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রত্যাশা করে সামারাবিরা বলেন, ‘টুর্নামেন্টে এখনও আমাদের বেশ কয়েকটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।

তবে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে পারবো। তিন দলের এমন টুর্নামেন্টে এটা হতেই পারে। আমরা এক বা দু’টি ম্যাচ হারতেই পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগানো। ইতিবাচক দিকগুলো নিয়ে কাল ভালো ফলই প্রত্যাশা করছি।’

বাংলাদেশ ও শ্রীলংকা ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৩৪টিতে জিতেছে শ্রীলংকা। বাংলাদেশের জয় মাত্র ৫টি ম্যাচে। দুটি হয়েছে পরিত্যক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *