আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ঘাটিনা সেতু এলাকায় মাছ ধরার সময় জেলেরা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মৃত শিশুরা হলো- পঞ্চক্রোশী ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে মো. আহাদ (৩) ও একই গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে রাশিদুল (৩)।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আহম্মেদ রাত ১২টার দিকে জানান, শুক্রবার বিকেলে শিশু আহাদ ও রাশিদুল করতোয়া নদীর ঘাটিনা সেতুর ওপর খেলা করছিল। খেলতে খেলতে তারা নদীতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার রাতে ঘাটিনা ব্রিজের পাশেই পালপাড়া এলাকায় মাছ ধরার সময় জেলে সুনিল কুমার হলদার শিশু দুটির মরদেহ ভেসে আসতে দেখেন ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করেন।
