সাইফউদ্দিনের ফেরার সিরিজে অভিষেকের অপেক্ষায় ফজলে রাব্বি

চলতি মাসেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১১ অক্টোবর, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের এই স্কোয়াডে নতুন মুখ অলরাউন্ডার ফজলে রাব্বি। জিম্বাবুয়ের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন বরিশালের এই ক্রিকেটার।

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের পর থেকেই ক্রিকেট পাড়ায় ফজলে রাব্বিকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ১৯৫ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে নির্বাচকদের নজরে আসেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মাত্র ৫ রানের জন্য প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও খুলেছে রাব্বির জাতীয় দলের দরজা। এ ছাড়া স্পিনার হিসেবেও কার্যকরী তিনি। প্রথম শ্রেণিতে ৬৮ ম্যাচে ৩ হাজার ৭১৫ রানের পাশাপাশি নিয়েছেন ২৮ উইকেট। নামের পাশে রয়েছে ৭ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮০ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে ২ হাজার ২০০ রান। এছাড়াও বল হাতে নিয়েছেন ২৭ উইকেট।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ডানহাতি এই পেসার। প্রায় ১০ মাস পর আবারও স্কোয়াডে ডাক পেলেন তিনি।

সাইফউদ্দিনের ফেরা ও ফজলে রাব্বির অভিষেক সিরিজে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তাদের। বাদ পড়েছেন এশিয়া কাপের মাঝপথে স্কোয়াডে ডাক পাওয়া সৌম্য সরকার।

এছাড়া ইনজুরির কারণে স্বাভাবিকভাবে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু পাঁজরের হাড়ে চিড় থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আগামী ১৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল। এরপর ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।

সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে ২৯-৩১ অক্টোবর চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ নভেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ঢাকায় শুরু হবে ১১ নভেম্বর।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও ফজলে রাব্বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *