রাজধানীর ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর সড়ক পথে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাসসেবা চালু করা হয়েছে। এই বাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, সর্বোচ্চ ৩০ টাকা। ৩৬টি স্টপেজ থেকে টিকিট কেটে এই বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে কলাবাগান মাঠের সামনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই চক্রাকার বাসসেবাটি পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে বাসের সর্বনিম্ন ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে দ্বিমত পাওয়া গেছে। যাত্রীদের একাংশ বলছে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে। আরেকটি পক্ষ বলছে, শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি এবং সড়কের দূরত্ব অনুযায়ী ১০ টাকা ভাড়া খুব বেশি না। নিরাপদ ও আরামে যাতায়াত করাটাই মুখ্য।চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে নগরে চক্রাকার এই বাস সার্ভিস চালু করা হয়েছে। ফলে সড়কে ব্যক্তিগত গাড়ির চাহিদা কমবে। ধানমন্ডি তথা মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোয় যানজট কমবে। তিনি বলেন, প্রতিদিন সকাল ছয়টা থেকে চক্রাকার বাসসেবা চালু হবে। সড়কে বাস থাকবে ২৫টি। নির্দিষ্ট স্টপেজে পাঁচ মিনিট পরপরই গাড়ি পাবেন যাত্রীরা। তাঁরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে বাসে ওঠা-নামা করবেন। এতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হবে। একইভাবে শিগগির মতিঝিল ও উত্তরায় পৃথক চক্রাকার শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু করা হবে। এই উদ্যোগের সঙ্গে নাগরিকেরা সচেতন হবে। ডিএসসিসি মেয়র বলেন, ‘নগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে ছয়টি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনায় কাজ করছে বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটি। এই প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় দুই বছর সময় লাগবে। এর আগে নাগরিকদের যাতায়াত সেবা দিতে এই চক্রাকার বাসসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’ সাঈদ খোকন বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। Post navigation চার ধাপে ১০৮ জন বিনা ভোটে চেয়ারম্যান বাংলাদেশে আসছেন গ্রিনিজ