প্রেমের প্রস্তাব দেওয়ার কোনো দরকারই নেই আসলে। কারণ, চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ। সমস্যা একটাই। দুজনেই ভীষণ লাজুক। জমে ক্ষীর হয়ে আছে প্রেম। কিন্তু কেউ কাউকে প্রস্তাব দিতে পারছেন না, সম্প্রতি এটুকু স্বীকার করেছেন দিশা পাটানি।

‘ভারত’ ছবির প্রচারণায় বেশ ব্যস্ত বলিউডের উঠতি তারকা দিশা পাটানি। বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দেওয়ার সময় টাইগারের সঙ্গে প্রেম নিয়ে জানতে চাইলে টুঁ শব্দটি করেননি তিনি। তবে টুইটারে এক ভক্তকে এড়িয়ে যাননি তিনি। এক ভক্ত লিখেছে, বাস্তবের জুটি হিসেবে আপনাদের আমরা পছন্দই করি। তাহলে আপনারা কেন একে অন্যকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন না?

নিয়মিত বিভিন্ন জায়গায় দেখা যায় দিশা ও টাইগারকে। কখনো রেস্তোরাঁ আবার কখনো অবকাশ যাপন কেন্দ্রে। এই তো সেদিনও তাঁদের দেখা গেল জগিংয়ের পোশাকে বান্দ্রার এক রেস্তোরাঁয়। রাতের খাবার খেতে ঢুকেছিলেন দুজন। সবাই মোটামুটি নিশ্চিত যে এই দুই বলিউড তারকা প্রেমে ডুবে আছেন। টুইটারে লেখা ওই ভক্তের প্রশ্নের উত্তরে দিশা পাটানি বলেছেন, ‘অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছু বলতে পারছি না। বছরখানেক হলো তাঁকে মুগ্ধ করার চেষ্টা করছি। “ভারত” ছবিটায় কত চমৎকার সব দৃশ্য করলাম, ভাবলাম লোকটা মুগ্ধ হয়ে যাবে। নিজেই এসে আমাকে প্রেমের প্রস্তাব দেবে। কিন্তু কপাল খারাপ। খেতে যাই বা ঘুরতে যাই, দেখি তাঁর মধ্যে আমার ব্যাপারে কোনো মুগ্ধতা নেই। সবার সঙ্গে যেমন আচরণ করে, আমার সঙ্গেও তেমন। আপনি একটু কথা বলে দেখুন তো, ভাই। আমরা দুজনেই ভীষণ লাজুক মানুষ। কেউই এই হাঁসফাঁস অবস্থা থেকে বেরোতে পারছি না।’

দিশাকে এবার দেখা যাবে সালমান খানের মোটা বাজেটের ছবি ‘ভারত’-এ, একজন সার্কাসশিল্পী হিসেবে। ছবিতে ‘স্লো মোশন’ শিরোনামে একটি গানে হলুদ শাড়ি পরে সালমানের সঙ্গে নাচ করতেও দেখা যাবে তাঁকে। ছবিতে মূল নারী চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ। এ ছাড়া আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, সোনালি কুলকার্নি প্রমুখ।

টাইগার শ্রফ এখন কাজ করছেন সিদ্ধার্থ আনন্দের ছবিতে। সেখানে থাকছেন হৃতিক রোশন। শিগগির হলিউডের সিলভেস্টার স্ট্যালনের র‍্যাম্বো চরিত্রটিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিটি দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। খুব বেশি রোজগার করতে না পারলেও সেটা মন্দ নয়। হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *